বোয়ালমারী

কোরবানির মাংস নিয়ে দ্বন্দ্বে ভ্যানচালক হত্যা, প্রধান আসামি কৃষকদল নেতা

ফরিদপুরের বোয়ালমারীতে কোরবানির মাংস নেওয়ায় প্রতিপক্ষের হামলায় হুমায়ূন কবীর (৪৮) নামের এক ভ্যানচালক হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিহতের স্ত্রী শিউলী বেগম (৪৫) বাদী হয়ে ময়না ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মাস্টারকে প্রধান আসামি করে ২৫ জনের নামোল্লেখ করে মামলাটি দায়ের করেন।

মামলায় আরও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। গত ৮ জুন সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে লিয়াকত হোসেন মাস্টারের নেতৃত্বে ভ্যানচালক হুমায়ুন কবীরসহ তার পরিবারের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করলে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন কবীর মারা যান। নিহত হুমায়ুন কবির বানিয়াড়ী গ্রামের মৃত মালেক মোল্লার ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।

মামলা ও এলাকা সূত্রে জানা যায়, বানিয়ারী গ্রামের গ্রাম্যদলাদলি নিয়ে দুটি বিবদমান পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় সাবেক ইউপি সদস্য জামাল হোসেন ও উপজেলা পল্লি উন্নয়ন সমবায় সমিতির (বিআরডিপি) সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নবীর হোসেন চুন্নু এবং অপরপক্ষের নেতৃত্ব দেন উপজেলার ময়না ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মাস্টার। গত শনিবার ঈদুল আজহার দিন হুমায়ূন কবীর দলত্যাগ করে নবীর হোসেন চুন্নুর দলে যোগ দিয়ে চুন্নুর বিতরণকৃত কোরবানির মাংস গ্রহণ করেন। এর জেরে গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বানিয়াড়ী গ্রামের ছাকেনের চায়ের দোকানের সামনে কৃষক দল নেতা লিয়াকত হোসেন মাস্টারসহ তার সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ নেতা নবীর হোসেন চুন্নুর সমর্থক হুমায়ূন কবিরসহ তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে লিয়াকতরা হুমায়ূন কবিরসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় আরো আহত হন হুমায়ুন কবিরের বড় ভাই মোস্তফা মোল্লা (৫৮), তার মেয়ে বেনি বেগম (২৩) ও এক ভাগিনা। হামলায় নিহত হওয়া হুমায়ূন কবীর নবীর হোসেন চুন্নুর সমর্থক ছিলেন।

এ ঘটনার দুইদিন পর মঙ্গলবার দিবাগত রাতে নিহতের স্ত্রী শিউলী বেগম (৪৫) বাদী হয়ে ময়না ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মাস্টারকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলায় আরো অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, কোরবানির মাংস নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভ্যানচালক হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে লিয়াকত মাস্টারকে প্রধান আসামি করে মামলাটি করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।