কাতার বিশ্বকাপে ব্রাজিল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। সেই থেকে পাঁচবারের বিশ্বজয়ীরা যেন ক্রমেই পেছনের দিকে হাঁটছিল। কোচ বদল করেও কাজ হয়নি। পারফরম্যান্স নিয়ে হচ্ছিল সমালোচনা। বাছাইয়ে ৬ রাউন্ড শেষে ৬ নম্বরে নেমে গিয়েছিল। তবে সব যদি-কিন্তু পেছনে ফেলে ১৬তম রাউন্ড শেষে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল সেলেসাওরা। আনচেলত্তির নতুন ব্রাজিল ঘরের মাঠে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে উঠে যায় মূলপর্বে। ঠিক এক বছর পর (১১ জুন, ২০২৬) যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় শুরু হবে বিশ্বকাপ।
ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচের ছন্নছাড়া ব্রাজিল সাও পাওলোর ম্যাচে ভিন্ন রূপে ধরা দেয়। শুরু থেকেই উপহার দেয় আক্রমণাত্মক ফুটবল। তবে প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে বেগ পেতে হচ্ছিল। ম্যাচের ৪৪ মিনিটে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। সমন্বিত আক্রমণে রাফিনহার থেকে বল পান মাতিয়াস কুনহা। তিনি বক্সের ভেতর বল বাড়ান ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে। দারুণ ফিনিশিংয়ে গোল করেন ভিনি। বিরতির পর ৫৯ মিনিটে দারুণ সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয়ে ঘরের মাঠে কোচ কার্লো আনচেলত্তির অভিষেকটাও রঙিন করেন শিষ্যরা।
ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপে কোয়ালিফাই করতে জয় প্রয়োজন ছিল আমাদের। সেটি হয়ে যাওয়াতে কাজ করার জন্য কোচ সময় পাবেন। অবশ্যই, এদিনের পারফরম্যান্স আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি ছিল না কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সব সময়ই জয়। এখন সময় উদযাপন করার।’ বিশ্বকাপে খেলা নিশ্চিতের পর ব্রাজিল কোচ আনচেলত্তি বলেন, ‘আমার কাছে এমন ৭০ জন খেলোয়াড় আছে, যারা বিশ্ব জুড়ে খেলে বেড়ায়। এই ৭০ জনই বিশ্বকাপে খেলার যোগ্য। তাদের মূল্যায়নের জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে। কোনো নির্দিষ্ট তালিকা নেই। খেলোয়াড়দের মধ্যে যে প্রতিশ্রুতি এবং দলের পরিবেশ দেখছি, তা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে।’ নেইমারের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানিয়েছেন আনচেলত্তি। জানিয়েছেন, নেইমার সুস্থ থাকলে তাকে যে কোনো পজিশনে খেলাতে পারেন।
ব্রাজিলের সঙ্গে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ইকুয়েডরও। আগের ম্যাচের ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করা ইকুয়েডর বাংলাদেশ সময় বুধবার সকালে পেরুর সঙ্গেও গোলশূন্য ড্র করে। এই ড্রয়ে গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় স্থান নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপের টিকিটও পেয়েছে তারা। শীর্ষে থাকা আর্জেন্টিনা আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। দক্ষিণ আমেরিকা থেকে আরও তিন দেশ সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। আর সপ্তম স্থানে থাকা দলটি খেলবে প্লে-অফ।