ভ্যাপসা গরমে ক্লান্ত নগরবাসী, ঢাকায় বৃষ্টির আশা নেই আজ

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস বলছে, সারাদিনই আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বইতে পারে হালকা বাতাস।

বৃহস্পতিবার সকাল সাতটায় প্রকাশিত ছয় ঘণ্টার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কিংবা অস্থায়ীভাবে মেঘে ঢাকা পড়তে পারে। যদিও গরম কিছুটা কমতে পারে, বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ভ্যাপসা ভাব থেকে মুক্তি মিলবে না সহজে।

আজকের আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোর ছয়টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ৮৭ শতাংশ। আগের দিন, অর্থাৎ বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি, ফলে আর্দ্রতা বাড়লেও তাপপ্রবাহে স্বস্তি মেলেনি নগরবাসীর।

আবহাওয়া বিভাগ জানায়, দেশে বর্ষা মৌসুম শুরুর অপেক্ষা চলছে। তবে এখনো মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হয়ে ওঠেনি। দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মৌসুমি বায়ুর আংশিক প্রভাব দেখা গেলেও ঢাকায় তা এখনো পৌঁছায়নি।

অন্যদিকে, সারাদেশে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বৃষ্টিও হতে পারে।

বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু–একটি জায়গায় দমকা হাওয়ার সঙ্গে হালকা বা মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় হতে পারে মাঝারি মাত্রার ভারী বর্ষণ, আর দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

এ ছাড়া দেশের বেশ কিছু এলাকায় এখনো মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগেও তাপপ্রবাহ রয়েছে, যদিও তা কোথাও কোথাও কিছুটা প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।