গত মে মাসজুড়ে দেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬৫২টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৫৮ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২১০ জন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল যে চিত্র তুলে ধরেছে, তাতে দেখা যায়, মে মাসে সড়কে ৫৯৭টি দুর্ঘটনায় প্রাণ হারান ৬১৪ জন। আহত হন আরও ১ হাজার ১৯৬ জন। এর পাশাপাশি, রেলপথে ঘটে ৪৮টি দুর্ঘটনা—যাতে ৩৫ জন নিহত ও ১৪ জন আহত হন। নৌপথে সাতটি দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১০ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনাই এ সময়ে ছিল সর্বাধিক প্রাণঘাতী। মে মাসে ২৩৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫৬ জন নিহত ও ২০১ জন আহত হয়েছেন। যা মে মাসের মোট সড়ক দুর্ঘটনার ৩৯ দশমিক শূন্য দুই শতাংশ, নিহতের ৪১ দশমিক ৬৯ শতাংশ এবং আহতের ১৬ দশমিক ৮০ শতাংশ।
এ মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানকার ১৩৯টি দুর্ঘটনায় ১৪৮ জন নিহত ও ২৭১ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে ৩০টি ঘটনায় প্রাণ গেছে ৩০ জনের এবং আহত হয়েছেন ৪৪ জন।
দুর্ঘটনার ধরন অনুযায়ী পরিসংখ্যানে দেখা যায়, মে মাসে সড়ক দুর্ঘটনার মধ্যে ৪৯ দশমিক শূন্য সাত শতাংশই ঘটেছে গাড়ির চাপায়। মুখোমুখি সংঘর্ষের ঘটনা ২৪ দশমিক ৯৫ শতাংশ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ দশমিক ১০ শতাংশ, এবং বিবিধ কারণে ঘটেছে পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ দুর্ঘটনা। এ ছাড়া, ওড়না চাকায় পেঁচিয়ে দুর্ঘটনার হার শূন্য দশমিক তিন তিন শতাংশ এবং ট্রেন ও অন্যান্য যানবাহনের সংঘর্ষ ঘটেছে শূন্য দশমিক পাঁচ শতাংশ ক্ষেত্রে।