৩২ দলের ক্লাব বিশ্বকাপে রিয়ালের লক্ষ্য শিরোপা 

আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে ফুটবল বিশ্বে। প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে আয়োজিত এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। এক সাক্ষাৎকারে বেলজিয়ান এই তারকা সাফ জানিয়ে দিয়েছেন, শিরোপা জয় ছাড়া অন্য কিছু ভাবছে না তার দল।

কোর্তোয়া বলেন, “যেকোনো টুর্নামেন্টে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামি। সম্ভবত এই আসরে আমরা অন্যতম ফেভারিট। এই মানসিকতা নিয়েই আমরা খেলতে চাই এবং যতদূর সম্ভব যাওয়ার জন্য নিজেদের সর্বোচ্চটা উজার করে দেব।”

রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলার চাপ এবং বছরের পর বছর ধরে সাফল্যের ধারা বজায় রাখার রহস্যও উন্মোচন করেন তিনি। তাঁর মতে, “প্রতি বছরই আমরা সব শিরোপা জয়ের জন্য খেলি। এই জয়ের নেশা আর শিরোপা জেতার পর যে অ্যাড্রেনালিন নিঃসরণ হয়, সেটাই আমাদের বারবার জিততে অনুপ্রাণিত করে। এই কারণেই আমাদের সবসময় সেরাটা দিতে হয়।”

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের জন্য কোর্তোয়ার ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দলের নতুন কোচ জাভি আলোনসোর অধীনে কৌশলগত পরিবর্তনে প্রতিপক্ষের আক্রমণের সুযোগ তৈরি হতে পারে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় রিয়ালের শেষ প্রহরী হিসেবে কোর্তোয়ার দিকেই তাকিয়ে থাকবে দল।

এবারের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। আটটি গ্রুপে চারটি করে দল ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিয়াল মাদ্রিদ রয়েছে 'এইচ' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে মেক্সিকোর ক্লাব পাচুকা, সৌদি আরবের আল হিলাল এবং অস্ট্রিয়ার এফসি সালজবুর্গ।