দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং বর্তমানে এসএ২০ লিগ কমিশনার গ্রায়েম স্মিথ মনে করেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্থান বিশ্ব ক্রিকেটের দৃশ্যপটকে পুরোপুরি বদলে দিয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) তিনি আধুনিক ক্রিকেটের আদর্শ বা 'টেমপ্লেট' হিসেবে অভিহিত করেছেন।
সম্প্রতি অলিম্পিক ডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে স্মিথ ক্রিকেটের বিবর্তন ও ভবিষ্যৎ নিয়ে তার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলো তুলে ধরেন।
স্মিথ বলেন, "আইপিএল সবকিছু বদলে দিয়েছে। এটি দেখিয়েছে যে বাণিজ্যিকভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কতটা বিশাল হতে পারে এবং ভক্তদের সম্পৃক্ততা ও ক্রিকেটের মান কোন উচ্চতায় নেওয়া সম্ভব। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি এখন একটি বিশ্বজনীন শক্তিতে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের অন্যান্য লিগগুলো আইপিএলের কাঠামো, খেলোয়াড় নিলাম পদ্ধতি এবং মার্কেটিং মডেল অনুসরণ করে অনুপ্রাণিত হচ্ছে।"
ভবিষ্যৎ ক্রিকেট ক্যালেন্ডার ও ‘ক্লাব ওয়ার্ল্ড কাপ’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্মিথ একটি চমৎকার পূর্বাভাস দিয়েছেন। তার মতে, বিশ্ব ক্রিকেটের ক্যালেন্ডার এমনভাবে তৈরি হবে যেখানে চারটি বা পাঁচটি প্রধান লিগ তাদের নিজস্ব সময় অনুযায়ী পরিচালিত হবে। তবে এই পিরামিডের শীর্ষে সবসময় আইপিএলই থাকবে।
তিনি আরও একটি রোমাঞ্চকর সম্ভাবনার কথা জানান— 'গ্লোবাল ক্লাব ওয়ার্ল্ড কাপ'। স্মিথের ধারণা, ভবিষ্যতে আইপিএল, এসএ২০ এবং বিগ ব্যাশের মতো শীর্ষ লিগগুলোর চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজিত হতে পারে। যেহেতু অনেক ফ্র্যাঞ্চাইজি মালিকের একাধিক দেশে দল রয়েছে, তাই এই পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি ইতিমধ্যেই তৈরি হয়ে আছে।
অলিম্পিকে ক্রিকেট: নতুন স্বপ্নের হাতছানি
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে একটি বিশাল মাইলফলক হিসেবে দেখছেন স্মিথ। ১৯০০ সালের পর দীর্ঘ বিরতি কাটিয়ে অলিম্পিকে ফিরছে ক্রিকেট। টেনিস তারকা নোভাক জোকোভিচের অলিম্পিক গোল্ড জয়ের আবেগের উদাহরণ টেনে স্মিথ বলেন:
"আগে ক্রিকেটাররা শুধু বিশ্বকাপ বা আইপিএল জয়ের স্বপ্ন দেখত। কিন্তু এখন অলিম্পিক পদক জয়ের সুযোগ তরুণ প্রজন্মের জন্য একটি নতুন মাত্রা যোগ করেছে। এটি ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
উল্লেখ্য, ২০২৮ সালের ১২ থেকে ২৯ জুলাই লস অ্যাঞ্জেলেসের কাছে পোমোনাতে অলিম্পিক ক্রিকেটের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
'দামী খেলোয়াড় দেখে দল সাজানো ঠিক না', কেকেআরের ব্যর্থতার কারণ বললেন ফিঞ্চ