ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে পৃথক পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর তিন রাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ সময় মাদক নিয়ে পাচাররত আসামিরা পালিয়ে গেছে বলে পুলিশ দাবি করে অজ্ঞাত একজন রেখে আরও একজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। আসামি হলেন উপজেলা পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের এলাহি মিয়ার ছেলে সাব্বির (২৬)।
অপরদিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্যপাড়া কবরস্থানের দক্ষিণ পাশে একটি বাগানে অভিযান চালিয়ে কামালমুড়া এলাকার হেলাল মিয়ার ছেলে আবুল কালাম (২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।