ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিজয়নগর উপজেলার কামালমুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ডিসপ্লে উদ্ধার করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমুড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় ১৫ থেকে ২০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করলে তাঁরা কার্টন ফেলে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও জানান, উদ্ধার করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। এগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়ার কার্যক্রম চলছে।