পোল্যান্ড জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মিখাও প্রবিয়েশ। এই কোচ থাকলে পোল্যান্ডের হয়ে রবার্ট লেভানডফস্কি আর না খেলার ঘোষণা দেওয়ার চার দিন পর সরে দাঁড়ালেন তিনি।
পোল্যান্ডের রেকর্ড স্কোরার লেভার মতে, তার ভরসার প্রতি 'বিশ্বাসঘাতকতা' করেছেন কোচ এবং তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা যেভাবে জানানো হয় তাতে ভীষণ কষ্ট পেয়েছেন।
গত রবিবার পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানায়, লেভানডফস্কির জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার পিয়ত্র জেলিনস্কিকে। নেতৃত্বে বদলের ঘোষণার ৩৯ মিনিট পর সামাজিক মাধ্যমে লেভা জানান, এই কোচ যতদিন দায়িত্বে আছেন, ততদিন জাতীয় দলে খেলবেন না তিনি।
পরদিন এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী স্ট্রাইকার লেভানডফস্কি বলেন, সন্তানদের ঘুম পাড়িয়ে দেওয়ার সময় প্রবিয়েশের কাছ থেকে একটি সংক্ষিপ্ত ফোনকল পান তিনি এবং এর পরপরই পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন অধিনায়কত্ব বদলের বিবৃতি প্রকাশ করে।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শেষে প্রবিয়েশের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপে তৃতীয় স্থানে আছে পোল্যান্ড।
শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট খেলতে কলম্বোয় নাহিদ-অঙ্কনরা
৩২ দলের ক্লাব বিশ্বকাপে রিয়ালের লক্ষ্য শিরোপা 