সিলেট ও সুনামগঞ্জের চারটি সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আরও ৭০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাদের ঠেলে পাঠায় বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেছে।
বিজিবি সূত্র জানায়, আটককৃতরা বাংলাদেশের নাগরিক। তারা ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করেছে।
বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশইন করেছে বিএসএফ। এ ছাড়া সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন করা হয়।
জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী ১৭ জনকে আটক করে। তাদের মধ্যে ১০ জনের বাড়ি লালমনিরহাট ও ৭ জনের বাড়ি কুড়িগ্রামে। মিনাটিলা বিওপির সদস্যরা আটক করেছে ২৩ জনকে। তাদের সবার বাড়ি কুড়িগ্রামে। কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপির সদস্যদের হাতে আটক হওয়া ১৩ জনের বাড়িও কুড়িগ্রামে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে পুশইন করা ১৭ জনকে আটক করেছে বিজিবি। তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলায়।
৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, অবৈধ প্রবেশসহ সীমান্ত নিরাপত্তায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।