বড় ভাইদের দেখানো পথে সুস্থ ড্রেসিংরুম গড়ার লক্ষ্য মিরাজের

অবশেষে জাতীয় দলের স্থায়ী অধিনায়কত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ক্রিকেটে এখন তিন অধিনায়ক। মিরাজ সেই বয়সভিত্তিক পর্যায় থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতেন তখন থেকেই। গতকাল বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার পর নেতৃত্ব পেয়ে আজ সকালে মিরাজ বললেন, সাবেক অধিনায়ক মাশরাফি-সাকিবদের কাছ থেকে পাওয়া শিক্ষাটাই কাজে লাগাতে চান।

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক বললেন, ‘মাশরাফি ভাইয়ের অধীনে আমার অভিষেক হয়েছিল বাংলাদেশ দলে। আমি অনেক অধিনায়ককে পেয়েছি। এটা অবশ্যই আমার জন্য ভালো লাগার বিষয়। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা হয়তো আমি আমার ক্যাপ্টেনসিতে কাজে লাগাতে পারব। এখন তো অবশ্যই আমাদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে।’

অধিনায়ক হিসেবে সতীর্থদের সহায়তা এবং ড্রেসিংরুমের পরিবেশ ভালো রাখা মিরাজের টার্গেট, ‘আমরা প্রায় ৮-৯ বছর ধরে যথেষ্ট আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। যারা জুনিয়র আছে তাদের অবশ্যই পারফর্ম করতে হবে। আমরা যখন প্রথম দলে আসি, বড় ভাইয়েরা আমাদের যেভাবে সহায়তা করেছে, চেষ্টা করব তাদেরকে ওইভাবেই সহায়তা করতে। ড্রেসিংরুম ওইভাবে রাখার জন্য। যেই ড্রেসিংরুমে থাকে না কেন, সে যেন অনুভব করে আমি এক নই, সবাই আছে।’

তিন ফরম্যাটেই এখন কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। মিরাজের আত্মবিশ্বাস, আগামী এক বছরে তিনি দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন, ‘বেশি লম্বা সময় থাকলে ভিশনটা ভালো থাকে, যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ। এটা সম্পূর্ণ বোর্ড কীভাবে চিন্তা করছে, যেহেতু আমরা এখন একটু স্ট্রাগল করছি ওয়ানডেতে। হয়তো চিন্তা করছে, এক বছরে আমরা একটা জায়গায় দাঁড় করাই ওয়ানডে দলটাকে। তারপর হয়তো তারা পরবর্তী ধাপ বা পরিকল্পনা জানাতে পারবে। জিনিসটা কীভাবে করবে, কনটিনিউ করবে নাকি.... । নির্ভর করবে আমাদের আগামী এক বছরে অনেকগুলো খেলা আছে। আমাদের এখন সময় এসেছে ওয়ানডে দলটা একটা জায়গায় দাঁড় করানো।’