নিখোঁজের ২ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলার মেরাজুল ইসলাম তমাল (১৮) নামের এক কলেজছাত্র নিখোঁজের দুই দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাইঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত তমাল শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও নয়মাইল জামালপুর এলাকার শিবিরের ওয়ার্ড সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জুন সকালে তমাল বাবা-মাসহ পরিবারের ১১ সদস্য মিলে একসঙ্গে বেড়াতে যান কাজিপুর উপজেলাধীন যমুনা নদীর মেঘাই ঘাটে। সেখানে তিনি মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীতে গোসল করা অবস্থায় মামাতো ভাইয়ের সঙ্গে সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন তমাল। তার কিছুক্ষণ পর খবর পাওয়া যায় তমাল নদীতে ডুবে গেছে। তারপর থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরপর আত্মীয়-স্বজনরা যমুনা নদীর বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় নদীর একই স্থানে তার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা তমালের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন।