চার সীমান্তপথে ৩৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

পঞ্চগড়, নওগাঁ, দিনাজপুর ও ঝিনাইদহ জেলার সীমান্ত দিয়ে ৩৯ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে তাদের বাংলাদেশের ভেতরে পাঠানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর :

পঞ্চগড় : সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ সাতজনকে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ভোরে গোলাবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ১ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে তারা বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে গোলাবাড়ি এলাকায় ঘোরাফেরা করলে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা ক্যাম্পের টহল দল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই বাংলাদেশি। আটকদের গতকাল সকাল ১০টায় পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পেরলি ইউনিয়নের জামরিল ডাঙ্গা গ্রামের আফসার শেখের ছেলে আরিফুল শেখ (৩১), তার বড় ছেলে ইমরান শেখ (১১), ছোট ছেলে রায়হান শেখ (৭), উপজেলার একই এলাকার মজিবুর রহমান মোল্লার মেয়ে রহিমা বেগম (৩০), সিদ্দিক মোল্লার মেয়ে খাদিজা বেগম (৩৬), উপজেলার বিস্টুপুর এলাকার আয়নাল বিশ্বাসের ছেলে আল মামুন বিশ্বাস (৩০) ও যশোরের অভয়নগর উপজেলার জয়েরা এলাকার তাহাজ্জুত খানের মেয়ে নাজমিন আক্তার (৪০)।

নীলফামারীর-৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা বলেন, ‘আমাদের টহল দল সীমান্ত এলাকা থেকে ভারত থেকে পুশইন হওয়া সাতজন নাগরিককে আটক করেছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে। দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করে আসছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।’ পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘পুশইন হওয়া সাতজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।’

নওগাঁ : ধামইরহাট সীমান্ত দিয়ে পুশইনের সময় এক নারীকে আটক করেছে বিজিবি। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগদ্দল মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক নারীর নাম আছিয়া বেগম (৪৫)। তিনি যশোরের ইশবপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী। তিনি ১০ বছর আগে চাকরির আশায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, বিকেলে ওই নারীকে থানায় সোপর্দ করেছে বিজিবি। পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিরামপুর (দিনাজপুর) : বিরামপুরের অচিন্ত্যপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ সদস্যরা। গতকাল ভোরের দিকে তাদের পুশইন করা হয়। বিজিবি অচিন্ত্যপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৯ জন শিশু রয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৬ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। গতকাল রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুশইনকৃতদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও আটজন শিশু।

বিজিবি জানিয়েছে, শুক্রবার ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন কুমারিপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাঙ্গা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডারকে ১৬ বাংলাদেশিকে আটকের বিষয়ে জানান। পরে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত নিতে বিজিবিকে অনুরোধ করে পতাকা বৈঠক আহ্বান করে। বিএসএফ ও বিজিবির দ্বিপক্ষীয় আলোচনার লক্ষ্যে বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৬০-৮৫-আর (পিলার) এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে ফেরত নেয় বিজিবি। পুশইনকৃত ১৬ জনকে মহেশপুর থানায় তাদের সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।