রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ হিল রাকিবের রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করে শেষ বিদায় জানিয়েছেন পোশাক খাতে তার দীর্ঘদিনের সহকর্মীরা।
রাকিবের সহকর্মীরা বলেছেন, আবদুল্লাহ হিল রাকিব বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানিকে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করবেন বলে জানান তারা। গতকাল শনিবার রাজধানীর উত্তরায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে আবদুল্লাহ হিল রাকিবের জানাজায় উপস্থিত হয়ে এসব কথা বলেন ব্যবসায়ী নেতা ও তৈরি পোশাক শিল্পের মালিকরা। সকাল ১০টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
৯ জুন বিকেলে কানাডার একটি লেকে নৌকা দুর্ঘটনায় মারা যান টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব। তার মরদেহ বিমানের একটি ফ্লাইটে গত শুক্রবার রাতে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর গতকাল সকালে বিজিএমইএ কার্যালয়ে জানাজা হয়। জানাজায় মানুষের উপস্থিতি অনেক বেশি থাকায় সেখানেই দ্বিতীয় আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান স্মৃতিচারণ করে বলেন, ‘আবদুল্লাহ হিল রাকিবের সঙ্গে বেশ কয়েক বছর কাজ করেছি। সব সময়ই দেখেছি, তিনি নিজের পরিবার, বন্ধু, ব্যবসা ও বিজিএমইএকে সমান অগ্রাধিকার দিয়েছেন। তৈরি পোশাক শিল্প খাতের যেকোনো সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সামনে চলে যেতেন।’
বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক বলেন, ‘রাকিব উজ্জ্বল প্রদীপ; স্বপ্ন ছিল অনেক। ঝড়ো হাওয়ায় সেই প্রদীপ নিভে গেছে। সবাই তার জন্য দোয়া করবেন।’