নোয়াখালী হাসপাতাল

ওয়ার্ডবয়ের বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে ঘুষের টাকা না পেয়ে রোগী ও তার স্বজনদের মারধর করার অভিযোগ উঠেছে হাসপাতালের ওয়ার্ডবয় নূর হোসেনের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার রোগী মো. মোস্তফা জানান, রাত ৯টায় সুবর্ণচর উপজেলার পাংখার বাজার এলাকা থেকে শ^াসকষ্ট নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হলে তাকে ফ্লোরে থাকতে দেওয়া হয়। ফ্লোরে শ্বাসকেষ্টর সমস্যা হতে পারে ভেবে দায়িত্বরত ওয়ার্ডবয় নূর হোসেনের কাছে একটি খালি বেডের দাবি জানায় রোগী ও তার বাবা। এ সময় ওয়ার্ডবয় নূর হোসেন রোগী ও তার স্বজনদের কাছে ঘুষ দাবি করে বলেন, ‘তিনশ টাকা দিলে বেডের ব্যবস্থা করে দেব।’ এতে রোগী ঘুষ দিতে অস্বীকৃতি জানায়। রাত ১১টার সময় রোগীর সঙ্গে থাকা বাবা আব্দুর রশিদকে (৭০) পাশের একটি সিটে বসে বিশ্রাম নিতে দেখলে ওয়ার্ডবয় নূর হোসেন গালিগালাজ করে বেড থেকে উঠে যেতে বলেন। এ সময় রোগী মোস্তফা প্রতিবাদ করলে ওয়ার্ডবয় নূর হোসেন তাকে মারধর করেন।

এ বিষয়ে জানতে নূর হোসেনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা এ ধরনের কোনো বিষয় এখনো জানি না।’