ছুরিকাঘাতে নিহত যুবকের লাশ নিয়ে সড়ক অবরোধ

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত যুবক বিদ্যুৎ শেখের (২৫) লাশ নিয়ে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় তার স্বজন ও এলাকাবাসী খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শহরের ফুলবাড়ি কলেজ রোড এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কাটনারপাড়া এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত বিদ্যুৎ শেখ শহরের বৃন্দাবনপাড়ার দক্ষিণপাড়া এলাকার দুলাল শেখের ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের বাবা দুলাল শেখ সদর থানায় হত্যা মামলা করেন।

সদর থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। বিদ্যুতের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধু রনির বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

শুক্রবার বিকেলে কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পেছনে বিদ্যুতকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান রনি। ঘটনার কিছুক্ষণ আগে বিদ্যুতের মোবাইল ফোনে একটি কল আসে। তারপরই এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ওই গ্যারেজ ও আশপাশে মাদক কেনাবেচা চলত। মাদক নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিহত বিদ্যুতের স্বজন ও বৃন্দাবনপাড়ার এলাকাবাসী মিছিল নিয়ে শহরের ফুলবাড়ি কলেজ রোডে জড়ো হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকে। এ সময় বিক্ষুব্ধ জনতা হত্যাকান্ডের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, বিদ্যুৎ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা খুনিদের শনাক্ত করতে পেরেছি। অতি দ্রুত খুনিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুনিদের গ্রেপ্তার

করা গেলে ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।