জুলাই সনদ চূড়ান্তে বুধবার বসছে ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচিত জুলাই সনদ প্রণয়নের চূড়ান্ত আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হবে এ সংলাপ। এতে প্রায় ৩০টি নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

সূত্র জানায়, এটি কমিশনের দ্বিতীয় অধিবেশনের শেষ বৈঠক। বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই ঐক্য ঘোষণাপত্র বা জুলাই সনদ চূড়ান্ত করা হবে। এতে দলগুলোর কোন কোন বিষয়ে পূর্ণ বা আংশিক একমত আর কোন বিষয়গুলোয় মতানৈক্য রয়েছে তা স্পষ্ট করে একটি ঐকমত্যের কাঠামো গড়ে তোলা হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আগামী সপ্তাহে ফরেন সার্ভিস একাডেমিতে এই গুরুত্বপূর্ণ বৈঠক হবে। জুলাই সনদ নিয়ে আমাদের মূল লক্ষ্য একটি সর্বজনীন রাজনৈতিক ঐকমত্য তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘প্রায় ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আমরা আলোচনা করব। যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে চাই।’

জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চান, এই আলোচনার ভিত্তিতে গৃহীত সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো লিখিতভাবে অনুমোদন করুক। যাতে ভবিষ্যতে এগুলোর মৌলিক রূপ পরিবর্তন না হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি স্থায়ী প্রতিশ্রুতি গড়ে ওঠে।

সূত্র আরও জানায়, আজ রবিবার ও কাল সোমবারের মধ্যে আমন্ত্রিত দলগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি, মেসেজ কিংবা ফোনকলে বৈঠকে অংশগ্রহণের অনুরোধ জানানো হবে।

এদিকে, কমিশনের একাধিক সদস্য মনে করছেন, এটি বাংলাদেশে বহুপক্ষীয় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, যা ভবিষ্যতের নির্বাচন ও রাষ্ট্র পুনর্গঠনের ভিত্তিপ্রস্তর তৈরি করবে।