আখাউড়ায় চুরি হওয়া ২১ ভরি স্বর্ণালংকার উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দুর্গাপুর এলাকার এক বাসা থেকে চুরি হওয়া প্রায় ২১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মেহেদী হাসান (২৪) নামে এক চোরকে। আজ রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ রবিবার সড়ক বাজারের নাইন স্টার হোটেল এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মেহেদী হাসানকে একটি ব্যাগসহ পুলিশ আটক করে। পরে তার ব্যাগ তল্লাশী করে ২০ ভরি ১৫ আনা ৩ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ওসি ছমি উদ্দিন জানান, শুক্রবার রাতে আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামের টিপু মিয়ার বাড়ির আলমিরা থেকে এসব স্বর্ণালংকার ও নগদ টাকা মিলিয়ে ৫৯ লাখ ৫৪ হাজার টাকার মালামাল চুরি করা হয়। এ ঘটনায় টিপু মিয়ার স্ত্রী শান্তা আক্তার শনিবার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় বলেও তিনি জানান।