হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন আলুচাষিরা। গতকাল রবিবার দুপুরে পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। কৃষকরা জানান, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো তাদের। এবার আলু ওঠার সময় ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তখনো তারা বিক্ষোভ করেন। ওই সময় ভাড়া কমানোর আশ্বাস দিয়ে আন্দোলন থামানো হলেও তার বাস্তবায়ন হয়নি। এখন আলু বের করতে গেলে কেজিপ্রতি ৮ টাকা করে চাচ্ছে হিমাগার কর্তৃপক্ষ।
কৃষকরা জানান, এখনো বস্তাপ্রতি ৫৬০ টাকা বা কেজিতে প্রায় ৮ টাকা করে নেওয়া হচ্ছে। যারা এই টাকা দিচ্ছেন না, তাদের আলু বের করতে দেওয়া হচ্ছে না।
রাজশাহী জেলা আলুচাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি আহাদ আলী, সহসভাপতি আলম আলী, সাধারণ সম্পাদক মো. মিঠু, সহ-সাধারণ সম্পাদক আবদুল গাফফার, কোষাধ্যক্ষ আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।