কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী রাশেদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। সে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ সময় আল ফিকহ এন্ড ল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আব্দুর রাজ্জাক ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু নাইম আহত হয়েছেন। 

সোমবার (১৬ জুন) ভোর ৫টার দিকে ক্যাস্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা রাশেদুলকে মৃত ঘোষণা করেন।

জানা যায়,  রাশেদুল ইসলামের বাড়ি জয়পুর হাট জেলার পাঁচবিবিতে। সে গতকাল ক্যাম্পাসের উদ্দেশ্যে খুলনা গামী সীমান্ত ট্রেনে কুষ্টিয়ার পোড়াদহে স্টেশনে আসেন। পরে সেখান থেকে অটো নিয়ে কুষ্টিয়ার বটতৈল মোড়ে আসেন। বটতৈল থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য শ্যামলী পরিবহনে উঠেন।  ড্রাইভারের অসতর্কার কারণে বৃত্তি পাড়ায় ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এতে রাশেদুল প্রচণ্ডভাবে মুখে ও মাথায় আঘাত পায়। দ্রুত তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসারত অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।  

একই বাসে আল ফিকহ এন্ড ল বিভাগের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক ছিলেন। তিনিও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তার বাড়ি নীলফামারীর জেলার কিশোরগঞ্জ উপজেলা। ডাক্তার তাকে আশঙ্কামুক্ত বলেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা, একজন মারা গেছে, আরেকজন আশঙ্কামুক্ত, তবে ৪৮ ঘণ্টার আগে বলা যাচ্ছে না চিকিৎসা চলছে। কেউ ক্লেইম না করায় আপাত লাশের পোস্টমর্টেম করছি না।’