বৈষম্যবিরোধী আন্দোলনে মাগুরায় গুলিতে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বীর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
গতকাল সোমবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম।
সমাবেশে বক্তরা বলেন, শহীদ মেহেদী হাসান রাব্বী দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।
তার খুনিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে। এ সময় বক্তারা শহীদ রাব্বীর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিছিলে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী শহরের ঢাকা রোড ব্রিজের ওপর গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এ ঘটনায় ১৩ আগস্ট শহীদ রাব্বীর ভাই ইউনুস আলী মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন।