মুন্সীগঞ্জের শ্রীনগরে দোকানের ভেতর থেকে মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রঘুনাথ দাস (৬০)। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘরা বাজারের মুদি দোকান থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বাঘরা বাজারের মুদি দোকান থেকে রোজগারের টাকায় রঘুনাথের সংসার চলত। কয়েক মাস ধরে ঋণের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। কিস্তির ভার সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
রঘুনাথ দাসের মেয়ে কলেজছাত্রী জয়া দাস বলেন, ‘বিভিন্ন এনজিও ও স্থানীয় মহাজনের কাছ থেকে নেওয়া ঋণের টাকা ফেরত দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার বাবা। চার দিন ধরেই তিনি বাড়ি ফিরছিলেন না। জয়া বলেন, ‘বাবা কয়েক দিন ধরে কারও সঙ্গে ঠিকমতো কথাও বলতেন না। আমরা বুঝতে পারিনি, বাবা এমন কিছু করে বসবেন।’
শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, ‘মুদি ব্যবসায়ী রঘুনাথ গত রবিবার গভীর রাতে নিজের দোকানে বৈদ্যুতিক পাখার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন। গতকাল সোমবার সকালে স্থানীয়রা লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। আমরা শুনেছি, ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। আর এ কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’