দুমকিতে চাঁদা না দেওয়ায় ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

পটুয়াখালীর দুমকিতে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে জনসমুক্ষে লাঞ্ছিত করেছে এলাকার হাসাইন ও হৃদয় নামে দুই বখাটে যুবক।

গত রবিবার দুপুরে পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলেদের বিশেষ বরাদ্দের ভিজিডি চাল বিতরণের সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম উপস্থিত থেকে ওই ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী জেলেদের মধ্যে চাল বিতরণ করছিলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত বখাটেদ্বয় চেয়ারম্যানকে এলোপাতারি চর-থাপ্পড়, কিল-ঘুষি মেরে বীরদর্পে চলে যায়। এ ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়ে।

ইউপি চেয়ারম্যানের অভিযোগ, ঘটনার দিন  জেলেদের চাল বিতরণ করতে গেলে হোসাইন ও হৃদয় নামের দুই যুবক এসে টাকা দাবি করে এবং টাকা দিতে না চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। উপস্থিত লোকজন ক্ষিপ্ত হলে অভিযুক্তরা দ্রুত সটকে পড়ে।

অভিযুক্ত হোসাইনের দাবি, পাওনা টাকা চাইতে গেলে চেয়ারম্যান চটে গিয়ে ভয়ভীতি দেখালে অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে। চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।

এ ব্যপারে দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন বিষয়টি আমি অবহিত নই এবং এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।