নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় জনি সরকার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের বাসিন্দা করুনা সরকারের একমাত্র ছেলে।
নিহতের বাবা জানান, তিনি ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। স্ত্রী, দুই কন্যা ও ছেলে জনিকে নিয়ে ফতুল্লার পূর্ব শিহাচরের লালখাঁ এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকতেন। জনি কখনো কখনো গার্মেন্টসে কাজ করতেন। তবে এলাকায় মাদকাসক্ত ছেলেদের সঙ্গে তার চলাফেরা ছিল। সোমবার রাত ৯টার পর থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে খবর পান, পাশের ড্রেনে একটি বস্তা পড়ে আছে। পুলিশ এসে বস্তা খুললে তিনি লাশটি জনির বলে শনাক্ত করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহতের হাত-পা বাঁধা ছিল এবং মরদেহটি একটি প্লাস্টিকের বস্তায় রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনিকে মারধর বা শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কারা এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।