টানা বর্ষণে খুলনায় জলজট, রাস্তায় হাঁটুপানি

খুলনায় একটানা বর্ষণে অধিকাংশ সড়ক ও অলিগলিতে জলজটের সৃষ্টি হয়েছে। বিরামহীন বৃষ্টিতে অলিগলি ছাড়াও প্রধান সড়কগুলোয় পানি থই থই করছে। অধিকাংশ বাড়ি ও দোকানপাটের নিচতলা ডুবে গেছে। গত সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি গতকাল মঙ্গলবার থেমে থেমে চলে। অবিরাম বৃষ্টিতে নগরীর অধিকাংশ সড়ক হাঁটুপানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চরম জনদুর্ভোগে পড়তে হচ্ছে অফিসগামীসহ সাধারণ মানুষকে।

খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর অধিকাংশ রাস্তাঘাটের ড্রেন উপচে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর মধ্যে রয়্যাল মোড়, বাইতিপাড়া মোড়, খানজাহান আলী সড়ক, শামসুর রহমান রোড, আহসান আহমেদ রোড, বাস্তুহারা, চানমারী, লবণচরা, টুটপাড়া, মিস্ত্রিপাড়াসহ বেশ কিছু নিম্নাঞ্চল রয়েছে। এরমধ্যে কোথাও কোথাও জমে হাঁটুসমান পানি হয়। ড্রেনের ময়লা পানি উপচে রাস্তায় উঠে আসায় সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েন।