দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা চত্বরের পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার সময় পার্বতীপুরে উপজেলা চত্বরের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই শিশু হচ্ছেন, পশ্চিম হুগলিপাড়া মহল্লার মোশারফ হোসেনের মেয়ে মোসফিকা আক্তার মিম (৯) ও আতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাস্বিরা (৮)। তারা দুজনেই আনোয়ারুল হিফজুল কোরআন অ্যান্ড নুরানী কিন্ডার মাদ্রাসার ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, তারা দুজন দুপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় বাড়িতে এসে প্রতিবেশী আরও দুই শিশুসহ উপজেলা পরিষদ চত্বরে গোসল করতে যায়। পরে ওই দুই শিশু ফিরে গেলেও মিম ও আছিয়া বাসায় যায়নি। পরে পুকুরে খুঁজতে গেলে তাদের পায়ের জুতা পাওয়া যায়। স্থানীয়রা তাৎক্ষণিক পুকুর থেকে তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।