বাবা-মার সামনে ক্যাপ্টেন ম্যাক্সির ১৩ ছক্কার সেঞ্চুরি

আইপিএল ২০২৫ ছিল গ্লেন ম্যাক্সওয়েলের জন্য একেবারেই ভুলে যাওয়ার মতো। রানার্স আপ পাঞ্জাব কিংসের হয়ে ছয় ইনিংসে গড়ে মাত্র ৮.০০ রান করে চোট পেয়ে ছিটকে পড়েন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। কিন্তু মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) তিনি ফিরেছেন রাজকীয়ভাবে—ওয়াশিংটন ফ্রিডমের হয়ে ৪৯ বলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে।

আজ সকালে ওকল্যান্ড কলিসিয়ামে ১৩টি ছক্কায় রাঙানো এই ইনিংসে ম্যাক্সওয়েল করেন ৫০ বলে ১০৬ রান। তাঁর এই ইনিংসটি মাঠে বসেই উপভোগ করেন বাবা-মা। 

ওয়াশিংটন ফ্রিডমের ইনিংসে যখন স্কোরবোর্ডে ৬৮/৪, তখন ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। কিছুক্ষণের মধ্যেই দলের স্কোর দাঁড়ায় ৯২/৫। প্রথম ১৫ বলে মাত্র ১১ রান করা ম্যাক্সওয়েল এরপর গিয়ার বদলে ৩৪ বলে আরও ৯৫ রান যোগ করেন, যেটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওয়াশিংটন ফ্রিডম ২০৮/৫ সংগ্রহ করে, যা এক সময় অসম্ভব মনে হচ্ছিল।

এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে আটটি সেঞ্চুরির মালিক হয়ে রোহিত শর্মার রেকর্ডে ভাগ বসান ম্যাক্সওয়েল। তাঁর আগে আছেন শুধু বাবর আজম (১১) ও ক্রিস গেইল (২২)। 

এছাড়াও, ম্যাক্সওয়েল হয়ে গেছেন বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টিতে ১০,৫০০+ রান, ১৭০+ উইকেট এবং পাঁচ বা তার বেশি সেঞ্চুরির বিরল ট্রিপল অর্জন করেছেন।

 ম্যাচ শেষে ম্যাক্সি বলেন, ’নিজেকে একটু সময় দিয়েছিলাম। অধিনায়ক হিসেবে দলের জন্য দায়িত্বটা আরও বেশি করে অনুভব করি। তাই শুরুতে প্রথম ২০ বল একটু ধীর গতিতে খেললেও পরে চেষ্টা করেছি যতটা সম্ভব বিনিয়োগ করতে। সেটাই কাজে লেগেছে। মনে হচ্ছিল, একটা অবস্থানে পৌঁছেছি যেখান থেকে আমাদের স্কোর বাড়ানো জরুরি, এমন একটা সংগ্রহ দাঁড় করাতে হবে যেটা আমরা ডিফেন্ড করতে পারি। আমার মাথায় ছিল ১৫৫ থেকে ১৬০-র মতো একটা লক্ষ্য। কিছু সময়ে সেটা কঠিন মনে হচ্ছিল, তবে শেষ দিকে নিয়মিত বাউন্ডারি-ছক্কা মারতে পেরেছি। শেষমেশ যেটা দাঁড়ালো, ভাবনার চেয়েও বেশি পেয়ে গেছি।’