দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই—দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—এর পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এদিন ভোটারদের সরাসরি অংশগ্রহণে সংগঠনের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
আজ বুধবার নির্বাচনী তফসিল ঘোষণা করে জানিয়েছে এফবিসিসিআই নির্বাচন বোর্ড। এ নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, দুইজন সহ-সভাপতি এবং পরিচালকসহ মোট ৪৬ জনকে নির্বাচিত করা হবে। নতুন বাণিজ্য সংগঠন আইন-২০২২ এবং সর্বশেষ বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুসারে পরিচালিত হবে এবারের নির্বাচন।
প্রসঙ্গত, নতুন বিধিমালায় এফবিসিসিআই পরিচালনা পর্ষদের আকার কমিয়ে ৮০ থেকে ৪৬ জনে নামিয়ে আনা হয়েছে।
তফসিল অনুযায়ী, সদস্যভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে আগামী ২ জুলাই বিকেল ৫টার মধ্যে সাধারণ পরিষদের জন্য মনোনীত প্রতিনিধিদের তালিকা পাঠাতে হবে।
এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ জুলাই এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৬ জুলাই।
প্রার্থী তালিকার প্রাথমিক প্রকাশ ৮ আগস্ট এবং যাচাই-বাছাই শেষে ১৪ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কোনো প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তাকে ১৬ আগস্ট দুপুর ২টার মধ্যে নির্বাচন বোর্ডকে অবহিত করতে হবে। ঐ দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এফবিসিসিআই নির্বাচনে দেশের ব্যবসায়িক সংগঠনগুলোর প্রতিনিধি নির্বাচনকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক ইঙ্গিত বহনকারী একটি ঘটনা হিসেবে দেখা হয়।