ই-কমার্স খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমস্যা সমাধান, নীতিনির্ধারণী পর্যায়ে সরকারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সদস্যদের জন্য স্বাস্থ্যসেবাসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী সাকিফ শামীম। একই সঙ্গে সংগঠনের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা এবং ছোট-বড় সব উদ্যোক্তার স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে ‘আগামীর ই-ক্যাব ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরা হয়। ই-ক্যাবের ফাউন্ডার মোহাম্মদ ইকবাল জামাল জুয়েলের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং সদস্যদের প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সাকিফ শামীম বলেন, এসএমই উদ্যোক্তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তার দীর্ঘ ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সকল উদ্যোক্তার কল্যাণে কাজ করতে ইচ্ছুক।
এছাড়া, ল্যাবএইড হাসপাতাল গ্রুপের সাথে আলোচনা সাপেক্ষে ই-ক্যাব সদস্য, তাদের স্বামী-স্ত্রী ও সন্তানদের জন্য হেলথ কার্ড ও চিকিৎসাসেবায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, ই-ক্যাবের একটি নিজস্ব ও দৃশ্যমান স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার ওপরও তিনি বিশেষ জোর দেন।
সভায় উপস্থিত ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের পরিচালক মাস্তুরা ফারজানা মোহনা এবং ই-ক্যাব সদস্য হুরায়রা শিশির উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান। তারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পুরো ই-কমার্স খাতকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার মতো যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করেন।