অলিম্পিকে সোনাজয়ী গার্সিয়াকে দলে টানল বার্সেলোনা

শেষ কয়েক মাস ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হলো। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়ল থেকে তরুণ গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে দলে টানল বার্সেলোনা। বুধবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ২৪ বছর বয়সী এই স্প্যানিশের সঙ্গে ছয় বছরের চুক্তির কথা জানায় কাতালান ক্লাবটি।

গার্সিয়াকে পেতে বার্সাকে খরচ করতে হয়েছে রিলিজ ক্লজের পুরো অর্থ—প্রাথমিকভাবে ২৫ মিলিয়ন ইউরো। শর্তভিত্তিক অতিরিক্ত কিছু অর্থও যোগ হতে পারে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত বার্সার গোলপোস্ট সামলাবেন গার্সিয়া।

২০২৪ প্যারিস অলিম্পিকে স্পেন দলের সদস্য ছিলেন গার্সিয়া, যাঁরা জিতেছিল পুরুষ ফুটবলের সোনার পদক। জাতীয় দলের সেই সাফল্য, এস্পানিয়লের হয়ে টানা পারফরম্যান্স ও তরুণ বয়সের সম্ভাবনাই যেন তাকে নিয়ে এসেছে ক্যাম্প ন্যুতে। গেল মৌসুমে লা লিগায় এস্পানিয়লের হয়ে ৩৮টি ম্যাচই খেলেছেন তিনি। আটটি ম্যাচে রাখেন ক্লিনশিট, হজম করেছেন ৫১ গোল।

বার্সার দিক থেকে এই চুক্তি ভবিষ্যতের এক বড় বিনিয়োগ হিসেবেই দেখা হচ্ছে। কারণ বর্তমান দুই অভিজ্ঞ গোলরক্ষক—টের স্টেগেন (৩৩) ও স্ট্যান্সনি (৩৫)—ক্যারিয়ারের শেষপ্রান্তে। ইনাকি পেনিয়াও আছেন মূল স্কোয়াডে, তবে তাঁকে ঘিরে অন্য ক্লাবে চলে যাওয়ার জোরালো গুঞ্জন রয়েছে। ফলে গোলপোস্টের দায়িত্ব ভবিষ্যতে গার্সিয়ার কাঁধে উঠবে বলেই ধারণা।

চুক্তি চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টা আগে আবেগঘন বার্তায় এস্পানিয়লকে বিদায় জানান গার্সিয়া। লিখেছেন, ‘আজ আমি বিদায় জানাচ্ছি সেই ক্লাবকে, যেখানে আমি ১৫ বছর বয়সে এসেছিলাম। প্রতিটি দিনে আমি চেষ্টা করেছি একজন ফুটবলার ও মানুষ হিসেবে বেড়ে ওঠার। রিয়াল এস্পানিয়লের জার্সি গায়ে আমি খেলেছি নম্রতা, প্রচেষ্টা ও গর্ব নিয়ে।’

নিজের সর্বোচ্চটাই ক্লাবকে দেওয়ার কথা জানিয়ে গার্সিয়া লেখেন, ‘এই ক্লাবের ব্যাজের প্রতি সর্বোচ্চ নিবেদন দেখিয়েছি, জার্সির মান রক্ষা করেছি। জানি, ক্লাব ছাড়ার এই সিদ্ধান্ত সবার জন্য সহজ নয়।’

বার্সার দেওয়া বিবৃতি অনুযায়ী, ক্লাব বিশ্বকাপ সামনে রেখে গার্সিয়াকে দ্রুত দলের সঙ্গে একীভূত করা হবে। অলিম্পিক সোনা জয়ের পর নতুন উচ্চতায় পা রাখার সুযোগ এখন এই তরুণ গোলরক্ষকের সামনে। সময়ই বলে দেবে, ক্যাম্প ন্যুর গোলপোস্টে তিনিই হবেন কি না পরবর্তী ‘অভেদ্য দেয়াল’।