জামালপুর শহরে মোটরসাইকেল ছিটকে পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অংকন (২০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যার দিকে জামালপুর পৌর শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নতুন বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অংকন সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঁচাসড়া টিবয়েলপাড় এলাকার হুমায়ূন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যুবক অংকন জামালপুর-দেওয়ানঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেডিকেল কলেজের দিক থেকে বিসিক শিল্পনগরীর এলাকায় যাচ্ছিলেন। এ যাওয়ার পথে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে অতিক্রম করার সময় তিনি পড়ে যান। পরে ওই মোটরসাইকেলের পিছনে থাকা একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর আশেকীন বলেন, সড়ক দুর্ঘটনায় অংকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।