বগুড়ায় বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের অভিযানে ছাপাখানায় বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, বিভিন্ন কোম্পানির বিড়ির প্যাকেটসহ চারজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শহরের পালশা চৌকিরপাড় এলাকায় রুহান প্রিন্টিং প্রেসে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ব্যান্ডরোল ও বিড়ির প্যাকেটের বাজারমূল্য কোটি টাকার ওপর।

আটককৃতরা হলেন, শহরের বড় কুমিড়া এলাকার নজরুল ইসলাম, রাজাপুর এলাকার জিসান, সাগর ও ডাকুর চক এলাকার আরিফ। তারা সবাই রুহান প্রিন্টিং প্রেসে ছাপার কাজ করছিলেন। রুহান প্রিন্টিং প্রেসের মালিক সদরের বাঘোপাড়া এলাকার মিলন পলাতক।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, সরকারি রাজস্ব ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে রুহান প্রিন্টিং প্রেসে সরকারি নকল ব্যান্ডরোল, আকিজ, সোনালী, গোপাল, মায়া বিড়িসহ বেশ কয়েকটি বিড়ির নকল প্যাকেট ছাপিয়ে বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ওই প্রেসে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক নেতৃত্ব দেন। অভিযানে ব্যান্ডরোল ছাপা চলাকালে চারজনকে আটক করা হয়। এ সময় সেখানে চারটি প্রেসে ও দুটি কাটিং মেশিনে এসব অবৈধ কর্মকা-ের প্রমাণ পায় র‌্যাব।

বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রায় কোটি টাকা মূল্যের এসব নকল ব্যান্ডরোল, বিভিন্ন কোম্পানির বিড়ির প্যাকেট উদ্ধার করা হয়েছে। তবে গণনা শেষে বোঝা যাবে কত টাকার ব্যান্ডরোল ও বিড়ির প্যাকেট রয়েছে।