কুলাউড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা সিতাব আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য। তিনি জানান, গত বছর সিতাব আলী ও তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সন্তানরা বাবার সঙ্গে বসবাস করছিল। সিতাব আলী দীর্ঘদিন ধরে তার মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। সম্প্রতি ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সিতাব আলীকে গ্রেপ্তার করে।

সুদীপ্ত শেখর ভট্টাচার্য আরও জানান, এ ঘটনায় সিতাব আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।