পরণে পাঞ্জাবি, মুখে হুইসেল, হাতে ‘থামুন’ লেখা সংবলিত প্লে-কার্ড নিয়ে ব্যস্ততম চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ির বারৈয়ারহাট এলাকায় পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার করে দেন দিনমজুর মোহাম্মদ বেলাল (৪০)। গত কয়েক বছর ধরে দিনের বেশিরভাগ সময় তিনি জনমানুষের কল্যাণে বিনাপারিশ্রমিকে এই কাজ করে আসছেন।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, হাতে লাল পতাকা নিয়ে চলন্ত গাড়িগুলোকে বাঁশি বাজিয়ে আস্তে চলাচলের নির্দেশনা দিচ্ছেন বেলাল। ওই সময় পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে সহায়তা করতে দেখা যায় তাকে।
এ সময় পথচারীরা জানান, এই সড়কের ফটিকছড়ি-নাজিরহাট পৌরসভা সীমানাসংলগ্ন এলাকা বারৈয়ারহাটে রাস্তা পারাপার হতে গিয়ে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। সেই স্থানে কোনো পারিশ্রমিক ছাড়াই বৃদ্ধ-বৃদ্ধা, অসুস্থ রোগী ও স্কুল শিক্ষার্থীদের নিয়ম করে রাস্তা পারাপার করে দেন বেলাল, যেটি অবশ্যই প্রশংসনীয় কাজ। এই সময়ে এমন মানুষ পাওয়া দুষ্কর।
এ ব্যাপারে বেলাল বলেন, ‘এই সড়কে রাস্তা পারাপারে অনেক মানুষকে চোখের সামনে মরে যেতে দেখেছি, যেটি আমি সইতে পারি না। নিজের অভাবের সংসার হলেও এই কাজ করে আমার তৃপ্তি লাগে। আমাদের সবারই উচিত প্রতিদিন কোনো না কোনো ভালো কাজ করা।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বেলাল বিনা পারিশ্রমিকে রাস্তা পারাপারে পথচারীদের সহায়তা করে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। উপজেলা প্রশাসন তাকে পুরস্কৃত করবে।’