বাংলাদেশ সরকার ওয়াশিংটন, জেনেভা ও অটোয়ায় রাষ্ট্রদূত পদে গুরুত্বপূর্ণ রদবদল করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি হতে যাচ্ছেন দেশের ২৮তম পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আসাদ আলম সিয়ামের জায়গায় ওয়াশিংটনে পাঠানো হতে পারে জাতিসংঘের জেনেভা সদর দপ্তরে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে। অন্যদিকে বিদায়ী পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে কানাডায় হাইকমিশনার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন কানাডায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনার নাহিদা সোবহান। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ-সংক্রান্ত এগ্রিমো ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোয় পাঠানো হয়েছে। তাদের সম্মতি পেলেই আনুষ্ঠানিক নিয়োগ কার্যকর হবে।
পরবর্তী পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম : আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে জাতিসংঘের ভিয়েনা কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফিলিপাইনে রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া রাষ্ট্রাচার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূতের প্রস্তাবিত নাম তারেক মো. আরিফুল ইসলাম : তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিসিএস ১৭তম ব্যাচের কূটনীতিক। তিনি জাতিসংঘের জেনেভা কার্যালয়ে উপস্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং শ্রীলঙ্কায় হাইকমিশনার ছিলেন। এর আগে কলকাতার উপহাইকমিশনেও দায়িত্ব পালন করেন।
জসীম উদ্দিন যাচ্ছেন কানাডায় : বিদায়ী পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ১৩তম ব্যাচের কর্মকর্তা। চীন, কাতার ও গ্রিসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ও ইসলামাবাদে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
জাতিসংঘে যাচ্ছেন নাহিদা সোবহান : নাহিদা সোবহান বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কানাডার আগে জর্ডানে রাষ্ট্রদূত ছিলেন। সিরিয়া ও ফিলিস্তিনেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জেনেভা, রোম ও কলকাতার বাংলাদেশ মিশনেও কাজ করেছেন।