ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বিভাগগুলোতে ভারী বর্ষণের আশঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে কখনো কখনো মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এসময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গতকাল বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ভোর ৫টা ১২ মিনিটে।

এছাড়া, দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৮ জুন সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—

রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল এসব এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। প্রায় সর্বত্র বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের স্টর্ম ওয়ার্নিং সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা।