বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে শেফিল্ড ইউনাইটেডের ধারের চুক্তি শেষ হয়ে গেছে গত ৩১ মে। তাই তিনি এখন যোগ দিয়েছেন মূল ক্লাব লেস্টার সিটিতে যুক্ত হয়েছেন। এদিকে প্রিমিয়ার লিগে উঠতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হয়েছে শেফিল্ড ইউনাইটেড কোচ ক্রিস ওয়াইল্ডারকে।
গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়ে প্লে-অফে উঠে ফাইনালে খেলেছিল শেফিল্ড ইউনাইটেড। সেমিফাইনালে ব্রিস্টল সিটিকে হারিয়ে তারা ফাইনালে ওঠে। তবে ওয়েম্বলিতে যোগ করা সময়ে টমি ওয়াটসনের গোলে সান্ডারল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হেরে পরবর্তী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারায় ইউনাইটেড। এই পরাজয়েই ওয়াইল্ডারের ভবিষ্যত নির্ধারণ করে দেয়। ছিল শুধু সময়ের অপেক্ষা।
৫৭ বছর বয়সী ওয়াইল্ডার এর আগেও ক্লাবটির কোচ ছিলেন। ২০১৬ সালে দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই ক্লাবকে লিগ ওয়ান থেকে চ্যাম্পিয়নশিপে তুলেছিলেন তিনি। এরপর ২০১৯ সালে শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে তোলেন। তবে ২০২১ সালে প্রথম দফায় ক্লাব ছাড়েন। ২০২৩ সালের ডিসেম্বরে আবারও ক্লাবের হাল ধরেন ওয়াইল্ডার। তখন শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগ টেবিলের একেবারে তলানিতে ছিল।