মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রসবোধ নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার তার রসবোধের শিকার হলেন জুভেন্তাসের খেলোয়াড়েরা। ট্রাম্পের নিমন্ত্রণ রক্ষা করতে গত বুধবার তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে অতিথি হয়ে গিয়েছিল ইতালিয়ান ক্লাবটির ফুটবলার ও কোচ। সেসময় তাদের একটু বিব্রতকর অভিজ্ঞতাই হয়েছে।
‘গার্ডিয়ান’ জানিয়েছে, ওভালে মার্কিন প্রেসিডেন্টের অফিসে ট্রাম্পের ডেস্কের পেছনে দাঁড়িয়ে ছিলেন জুভেন্তাসের খেলোয়াড়েরা। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতে গিয়ে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের প্রসঙ্গ টানেন ট্রাম্প, ‘তিনি কখনো সীমানা খুলে দেওয়ার পক্ষে ছিলেন না। ট্রান্সজেন্ডার কিংবা মেয়েদের খেলায় ছেলেদের অংশ নেওয়ার পক্ষেও ছিলেন না।’
গত ফেব্রুয়ারিতে মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশ নেওয়ায় নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। সেই ট্রাম্পই এদিন জুভেন্তাসের খেলোয়াড় ও স্টাফদের প্রশ্ন করে বসেন, ‘তোমাদের দলে কি মেয়েরা খেলতে পারে?’ খেলোয়াড়েরা এ প্রশ্নের উত্তর দিতে পারেননি। কেউ কেউ একটু বিব্রত মুখে হেসেছেন। ট্রাম্প একই প্রশ্ন আরেকবার করায় মুখ খোলেন ক্লাবটির জেনারেল ম্যানেজার দানিয়েল কমোল্লি।
মার্কিন প্রেসিডেন্টের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের মেয়েদের দলটা খুব ভালো।’ ট্রাম্প তো ছাড়ার পাত্র নন। তিনি আবারও বলেন, ‘কিন্তু তাদের তো (জুভেন্তাসের পুরুষ দল) মেয়েদের সঙ্গে খেলা উচিত!’ ট্রাম্পের এই কথা শুনে কমোল্লি আর কিছু বলেননি। মাথা নিচু করে মেঝেতে তাকিয়ে ছিলেন। এ সময় ট্রাম্প তাকে উদ্দেশ্য করে বলেন, ‘সে বেশ কূটনৈতিক’। উল্লেখ্য, জুভেন্তাসের মেয়েদের দল বর্তমান সিরি আ চ্যাম্পিয়ন। আর ছেলেদের দল যুক্তরাষ্ট্রে খেলছে ক্লাব বিশ্বকাপ।