ফিফাকে ট্রাম্পের সতর্কবার্তা

ইনফান্তিনোকে সরালে ‘ভয়াবহ ভুল’ হবে

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:৫৭ এএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর উদ্যোগ নেওয়া হলে তা ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিকে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে এমন মন্তব্য করেন তিনি।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো কারণে ফিফা যদি ইনফান্তিনোকে সরানোর কথা বিবেচনা করে, তাহলে সেটি হবে ‘ভয়াবহ ভুল’।

ইনফান্তিনোর প্রশংসা করে ট্রাম্প তাকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেন। তার দাবি, ইনফান্তিনোর নেতৃত্বে অনুষ্ঠিত বিশ্বকাপ ছিল ইতিহাসের ‘এখন পর্যন্ত সবচেয়ে সফল’ আসর।

ট্রাম্প আরও বলেন, ইনফান্তিনোকে সরিয়ে দেওয়া হলে ভবিষ্যতে বিশ্বকাপ আর একই মাত্রায় সফল বা লাভজনক হবে না।

তবে সাম্প্রতিক সময়ে একটি ব্যর্থ পরিকল্পনাকে কেন্দ্র করে ইনফান্তিনো ফিফার ভেতরে ও বাইরে বাড়তি চাপের মুখে পড়েছেন। বিশ্বকাপের বাণিজ্যিক স্বার্থের একটি অংশ বেসরকারি ইকুইটি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে ঘিরে এ চাপ তৈরি হয়েছে।

সোমবার এক যৌথ খোলা চিঠিতে ফিফার তিন গুরুত্বপূর্ণ কনফেডারেশন—ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা), কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)—ওই পরিকল্পনাকে ফিফার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি ‘আস্থার মৌলিক লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে।

চিঠিতে তারা সতর্ক করে বলে, প্রতারণার মাধ্যমে যখন আস্থা নষ্ট হয় এবং কোনো ব্যক্তি যে সমষ্টি তাকে ক্ষমতা দিয়েছে, তার ঊর্ধ্বে নিজেকে স্থান দেন, তখন দায়িত্ব পালনের সেই অঙ্গীকার পরিত্যক্ত হয়।

এদিকে গত সপ্তাহে ওই পরিকল্পনা নিয়ে হওয়া ভুলের জন্য ক্ষমা চেয়েছে ফিফা। মরক্কোয় অনুষ্ঠিত সংকটকালীন এক বৈঠকে ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তারা ইনফান্তিনোর সভাপতিত্বের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপের স্বার্থ বেসরকারি ইকুইটি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবটি এখন আর কার্যকর নেই। একই সঙ্গে সংস্থাটি বলেছে, ফিফার অখণ্ডতা, সুশাসন ও যথাযথ প্রক্রিয়া নিয়ে আর কোনো আক্রমণ সহ্য করা হবে না এবং সংস্থার নাম ও সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফিফার অভ্যন্তরে চাপ তৈরি হলেও ট্রাম্পের প্রকাশ্য সমর্থন তার অবস্থানকে নতুন করে আলোচনায় এনেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত