গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি (আদালতকে আইনি সহায়তাকারী) নিযুক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলের পক্ষে শুনানি করতে আইনজীবী নিযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে এ সিদ্ধান্ত দেয়।
অ্যামিকাস কিউরি হিসেবে নিযুক্ত হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। অন্যদিকে শেখ হাসিনার পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটু। ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানির জন্য ২৫ জুন ধার্য করেছে।
‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ অনলাইনে ছড়িয়ে পড়া শেখ হাসিনার অডিও ক্লিপের বিষয়টি গত বছরের শেষদিকে ট্রাইব্যুনালের নজরে আনে প্রসিকিউশন শাখা। পরে এ বিষয়ে ব্যাখ্যা দিতে শেখ হাসিনার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনা ও অন্য আসামি হাজির হননি। শেখ হাসিনার এ বক্তব্যের ফরেনসিক পরীক্ষার পর গত ৩০ এপ্রিল নিশ্চিত হয়ে ট্রাইব্যুনালকে অবহিত করে প্রসিকিউশন শাখা। এর ভিত্তিতে ট্রাইব্যুনালের বিচারকাজ বাধাগ্রস্ত করা ও হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে প্রসিকিউশন। গত ২৫ মে ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগের মামলায় শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলকে হাজির হতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রচারের নির্দেশ দিলে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে দুজনকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়। অন্যথায় দুজনের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গতকাল সাংবাদিকদের বলেন, বিচারের স্বচ্ছতা, আসামিদের সুযোগ দেওয়া ও আইনের সঠিক ব্যাখ্যা, মতামত গ্রহণ, ট্রাইব্যুনালকে আইনি সহায়তার জন্য ট্রাইব্যুনাল রুলসের ৪১ বিধি মোতাবেক অ্যামিকাস কিউরি নিয়োগের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তিনি আরও বলেন, ‘পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আজ (গতকাল) এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য দিন ধার্য ছিল। দুই আসামির কেউ ট্রাইব্যুনালে উপস্থিত হননি। ট্রাইব্যুনাল আজকেই আদেশ দিতে পারতেন, আইন সেটি অনুমোদন করে। কিন্তু স্বচ্ছতার জন্য ট্রাইব্যুনাল অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন।’ বিকেলে তিনি এক বার্তায় জানান, শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটুকে নিযুক্ত করেছে ট্রাইব্যুনাল।