পিএসজির বিপক্ষে গোল করে জেসুসের কামেহামেহা উদযাপন

পাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের আলো ঝলমলে এক মুহূর্তে বিশ্ব ফুটবলজুড়ে আলোচনায় চলে এলেন ইগর জেসুস। পিএসজির মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি করে শুধু জয়ই এনে দিলেন না ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো-কে, গোল করার পর ‘ড্রাগন বল’ অ্যানিমের বিখ্যাত “কামেহামেহা” ভঙ্গিতে উদযাপন করে মুহূর্তেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু এই জেসুস কিছুদিন আগেও খেলতেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলি-তে। প্রায় চার বছর দুবাইয়ে কাটিয়ে নিজেকে গড়ে তুলেছিলেন একজন দক্ষ ফরোয়ার্ড হিসেবে। ইউএই প্রো লিগ জিতিয়েছেন দলকে। এবার সেই জেসুসই দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন দলের হয়ে পিএসজির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয়সূচক গোল করে আলোচনার কেন্দ্রে।

ম্যাচ শেষে জেসুস বলেন, "অনেকে প্রশ্ন তুলেছিল আমাদের সামর্থ্য নিয়ে। কিন্তু আমরা দেখিয়ে দিলাম—বোটাফোগো কতটা শক্তিশালী। আমি জানতাম এই ম্যাচটা কতটা বড়। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, আমরা দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন। এই ম্যাচেই প্রমাণ করতে চেয়েছিলাম নিজেদের।"

ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্ট থেকে প্রস্তাব পেলেও বোটাফোগোতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ম্যাচের পর সেই সিদ্ধান্তকে বললেন “সঠিক”।