ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে যে ১০টি রেকর্ড হতে পারে

আপডেট : ২০ জুন ২০২৫, ১২:২৩ পিএম

হেডিংলিতে আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায় শুরু হবে প্রথম ম্যাচ। এই সিরিজে দুই দলেন তিনজন ক্রিকেটারের সামনে সুযোগ থাকবে অন্তত ১০টি রেকর্ডে নিজেদের নাম লেখানোর। তাদের মাঝে এক জো রুটকেই ডাকছে ৬টি রেকর্ড! বাকি দুজন হলেন জসপ্রিত বুমরা এবং ভারত অধিনায়ক শুবমান গিল।

এবার এক নজরে দেখে নেওয়া যাক, সম্ভাব্য ১০টি রেকর্ড:

১. টেস্টে এখন পর্যন্ত ২০৮টি ক্যাচ নিয়েছেন জো রুট। এই সিরিজে আর তিনটি ক্যাচ নিতে পারলেই টেস্টে রাহুল দ্রাবিড়ের বিশ্বরেকর্ড (২১০) ভেঙে দেবেন।

২. ভারতের বিপক্ষে ৩০ টেস্টে রুট করেছেন ২ হাজার ৮৪৬ রান। আর ১৫৪ রান করলে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে টেস্টে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন সাবেক ইংলিশ অধিনায়ক।

৩. ১৫৩ টেস্টে রুটের মোট ১৩ হাজার ৬ রান করেছেন। আর ৩৭৩ রান করলেই তার রান হবে ১৩,৩৭৯। সেক্ষেত্রে সাবেক অজি মহাতারকা রিকি পন্টিংকে (১৩ হাজার ৩৭৮) ছাড়িয়ে তিনি টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন। ১৫ হাজার ৯২১ রান নিয়ে শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার।

৪. ইংল্যান্ডের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৪ ম্যাচে ৫ হাজার ৫৪৩ রান করেছেন রুট। যদি এই পাঁচ টেস্টে তিনি অন্তত ৪৫৭ রান করেন তাহলে তার ৬ হাজার রান হয়ে যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ব্যাটার হিসাবে তিনি এই মাইলফলক স্পর্শ করবেন।

৫. সিরিজের পাঁচ টেস্টে ১৪২ রান করতে পারলে প্রথম ইংলিশ ব্যাটার হিসাবে ভারতের বিপক্ষে সব ফরম্যাট মিলিয়ে ৪০০০ রান হয়ে যাবে রুটের। এই কীর্তি আছে রিকি পন্টিং, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার।

৬. ভারতের বিপক্ষে ৩০ টেস্টে ১০টি সেঞ্চুরি করেছেন রুট। ভারতের বিপক্ষে তার চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করেছেন শুধু স্টিভেন স্মিথ (১১টি)। এই রেকর্ডটাও নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছেন রুট।

৭. ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ৯ টেস্টে ৩৭ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। যদি এই সিরিজে তিনি আর ১২ উইকেট নিতে পারেন, তাহলে ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক হয়ে যাবেন।

৮, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ৩৫ টেস্টে ১৪৫ উইকেট নিয়েছেন বুমরা। ভারতের বোলারদের মধ্যে তিনিই এই চার দেশে সর্বাধিক উইকেট নিয়েছেন। এই সিরিজে আর দুটি উইকেট নিতে পারলে এশিয়ার বোলারদের মধ্যে এই চার দেশে সর্বাধিক টেস্ট উইকেটের মালিক হবেন বুমরা। ভেঙে যাবে ওয়াসিম আকরামের (১৪৬) রেকর্ড।

৯. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন বুমরা। এই সিরিজে আর দুই বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেই গড়বেন রেকর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ১১বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

১০. এই রেকর্ডটা অবশ্য নিশ্চিত হয়েই আছে। শুক্রবার ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে টস করতে নামবেন শুবমান গিল। এর মাধ্যমে তিনিই হবেন পাঞ্জাবের প্রথম ক্রিকেটার, যিনি টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত