ইসলামী আন্দোলনের নেতাকে আটক, প্রতিবাদে নেতাকর্মীদের থানা ঘেরাও    

চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের প্রতিবাদে নগরের চান্দগাঁও থানা ঘেরাও করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ শুক্রবার (২০ জুন) সকাল ৯টায় নগরের চান্দগাঁও থানা ঘেরাও কর্মসূচি শুরু করেন দলের শতাধিক নেতা-কর্মী।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির একটি মামলায় দলের চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল থেকে থানায় অবস্থান নেন নেতাকর্মীরা।

ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করে গঠিত একটি কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুর রহমানের নাম জড়ানো হয়। সেটিকে কেন্দ্র করে মামলা করেন একজন। সে মামলায় আটক কয়েকজনের ব্যাপারে গতকাল কথা বলতে এলে হাবিবুরকে আটক করে পুলিশ।

ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগর শাখার নেতাকর্মীদের দাবি, উপযুক্ত প্রমাণ ছাড়া তাদের নেতা হাবিবুরকে আটক করা হয়েছে। তাঁরা হাবিবুর রহমানকে আদালতে চালান দিতে দেবেন না বলে পুলিশকে জানান। ঘটনার বিষয়ে একাধিকবার ফোন করলেও সাড়া দেননি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন।