ঘরোয়া ক্রিকেট মানেই এনামুল হক বিজয়। গত কয়েক মৌসুম ধরেই তিনি ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। একের পর এক সেঞ্চুরি হাঁকাচ্ছেন, বিশেষ করে দুর্বল দলের বিপক্ষে। সাথে সাথেই তাকে জাতীয় দলে ফেরানোর দাবি-দাওয়া উঠতে শুরু করে। একসময় তাকে জাতীয় দলে ফেরানো হয়, কিন্তু মাঠে নেমেই ঘরোয়া ক্রিকেটের ‘রাজা’ হয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটের ‘প্রজা’।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান গল টেস্টের প্রথম ইনিংসে বিজয় ১০ বল খেলে ‘ডাক’ মেরেছিলেন। যেখানে তার দুই সতীর্থ মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। লিটন দাস আউট হয়েছেন ৯০ রান করে। পাথুম নিশাঙ্কা তো (১৮৭) প্রায় ডাবল সেঞ্চুরিই করে ফেলেছিলেন। সেখানে আজ দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন বিজয়। আরও ১০ বল বেশি খেলে আউট হয়েছেন মাত্র ৪ রান করে।
আজ শুক্রবার ম্যাচের চতুর্থ দিনে ১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। প্রবাত জয়াসুরিয়ার করা ইনিংসের ৮ম ওভারের পঞ্চম বলটি একটু উঠেছিল অফ স্টাম্পের বাইরে। বিজয়ের চোখ যেন চকচক করে উঠল, সেই বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে সেটিকে ক্যাচ বানিয়ে দিলেন। কিপার কুশল মেন্ডিস ক্যাচ নিতে ভুলেননি। ১৮.৪ ওভারে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৫৮। লিড হয়েছে ৬৮ রানের।