নাঈমের পাঁচ উইকেটে লিড নিল বাংলাদেশ

আপডেট : ২০ জুন ২০২৫, ০২:৪৮ পিএম

গল টেস্টের চতুর্থ দিন থেকে উইকেট হয়ে গেছে স্পিনারদের। ভয়ংকর সব টার্ন দেখা যাচ্ছে উইকেটে। এই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশের স্পিনাররা। শ্রীলঙ্কা অল-আউট হয়ে গেছে ৪৮৫ রানে। এতে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড হয়েছে ১০ রানের। ৪৩.২ ওভার বল করে ৪ মেডেনসহ ১২১ রানে ৫ উইকেট নিয়েছেন নাঈম হাসান।

আজ শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে স্বাগতিকরা চতুর্থ দিন শুরু করেছিল। বাংলাদেশ স্পিনার নাঈমকে দিয়েই বোলিং শুরু করায়। দিনের তৃতীয় ওভারের শেষ বলে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে (১৯) লিটন দাসের গ্লাভসবন্দি করেন নাঈম। এরপর কুশল মেন্ডিসের (৫) আউটে লিটন দাসের অবদানই বেশি। হাসানের বলে কুশলের ব্যাটের কানা ছুঁয়ে আসা ক্যাচ অসাধারণ ডাইভে তালুবন্দি করেন লিটন।

প্রথম সেশনে এই দুটিই ছিল বাংলাদেশের সাফল্য। মধ্যাহ্ন বিরতির পর লঙ্কানদের আর জুটি গড়তে দেননি নাঈম-হাসান জুটি। গতকাল শুধু দিনেশ চান্ডিমালের উইকেট নিয়েছিলেন নাঈম। আজ ফিরিয়েছেন কামিন্দু, ধনঞ্জয়া, থারিন্দু ও আসিতাকে। টেস্টে এ নিয়ে চতুর্থবারের মতো ৫ উইকেট পেলেন এই অফ স্পিনার। তরুণ পেসার হাসান মাহমুদ ২১ ওভার বল করে ৪ মেডেনসহ ৭৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত