বাসচাপায় শ্রমিক নিহতঃ বাস ভাঙচুর ও সড়ক অবরোধ

মানিকগঞ্জ সদর উপজেলার জাগির এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে 'সেলফি পরিবহন' এর একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তারা মিয়া (৩৫) নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং সেলফি পরিবহনের কয়েকটি বাসে ভাঙচুর চালায়।

নিহত তারা মিয়া স্থানীয় বসুন্ধরা স্টিল মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাগির ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা মোসলেম মিয়ার ছেলে। গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা মিয়া রাস্তা পার হচ্ছিলেন—এ সময় পেছন থেকে আসা সেলফি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে প্রায় ১০ গজ টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এই দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা  সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নিহতের আত্মীয় আসলাম মিয়া বলেন, “ঘটনার পর বাস চলাচল বন্ধ করতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়”।  গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের নম্বর শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।