ডেঙ্গুতে একদিনে ৩৫২ জন হাসপাতালে, একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন। এ বছর এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৫২ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতাল ছেড়েছেন ৪১৩ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩১ জন। ছাড়পত্র নিয়েছেন ৬ হাজার ৫১৬ জন রোগী।