মাসরুর আরেফিন এবিবির চেয়ারম্যান নির্বাচিত

দেশের শীর্ষ ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। সম্প্রতি এবিবির বোর্ড অব গভর্নরসের এক সভায় তাকে সংগঠনটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তিনি এবিবির আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত অন্তর্বর্তী সময়ে এই দায়িত্ব পালন করবেন।

এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হুসেইন সম্প্রতি ব্র্যাক ব্যাংকের এমডি পদ থেকে পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে এই সংগঠনের চেয়ারম্যান পদটি শূন্য হয় এবং নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

একই সভায় পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবিবির নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ডাচ-বাংলা ব্যাংক পিএলসির  ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরীন এবিবির ভাইস চেয়ারম্যান হিসেবে তার আগের দায়িত্ব পালন করে যাবেন।

মাসরুর ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ৩০ বছরের পেশাগত জীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, এএনজেড ব্যাংকের মেলবোর্ন হেড অফিস, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ও সিটি ব্যাংক এনএসহ অন্যান্য ব্যাংকে কাজ করেন। গত ৬ বছর ধরে তিনি সিটি ব্যাংক পিএলসির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এবিবি-তে প্রায় ৪ বছর ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করার পর এবার তিনি সংগঠনটির নেতৃত্বে এলেন। ব্যাংকার পরিচয়ের বাইরে তিনি একজন লেখক ও অনুবাদক হিসেবেও সুপরিচিত।