বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার সকাল সোয়া ৬টার দিকে মিয়ানমার সীমান্ত ঘেঁষা ঘুমধুম নোয়াপাড়ার জামালের ঘের এলাকায় এই অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম মো. শহীদ (১৯)। তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ (ইস্ট)-এর ব্লক-বি/৭৪-এর বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকার জামালের ঘের এলাকায় অবস্থান নেয়। ভোর ৬টার দিকে এক ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে সামনে এগিয়ে এলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় সে ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।