দিনাজপুরের বীরগঞ্জে একতা ক্লিনিকে চিকিৎসা অবহেলায় আশা রানী রায় (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ওই ক্লিনিকের চিকিৎসকসহ স্টাফরা পালিয়ে গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আশা রানী রায় উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের হৃদয় চন্দ্র রায়ের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ১২টায় প্রসব বেদনা নিয়ে আশা রানী রায়কে একতা ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর বিকেল ৫টায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইয়াসমিন পরীক্ষা-নিরীক্ষার পর জানান দ্রুত সিজারিয়ান অপারেশনের প্রয়োজন। বিকেল ৫টায় সিজারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু অপারেশনের পর রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হলেও কোনো কার্যকর চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
এ ব্যাপারে জানতে একতা ক্লিনিকের মালিক রিপন ও ডা. ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেননি তারা।
এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ‘একতা ক্লিনিকে অপারেশনের পর আশা রানী রায় নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমি শুনেছি, তবে অভিযোগ না থাকায় কোনোরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’